তোমাকে ভালোবেসে
- অয়ন ভড়

অশথের পাতা হবো আমি, যাবো গো ঝরে
যদি তুমি পৌষালী বাতাস হয়ে আসো;
শিমুলের ফুল হয়ে ফুটে রব বসন্তের ভোরে
যদি তুমি লাল রঙ ভালোবাসো।

গহন-বনে ঘুরে বেড়াবো আমি— হবো গো হরিণ,
তখন শিকারি হয়ে এসো তুমি আমার অরণ্যে,
তোমায় আমি ধরা দেবো গো সেইদিন
তোমারই হাতে মরনের স্বাদ লভিবার জন্যে।

তুমি দুর্যোগ হয়ে এসো, হও চরম দুঃসময়
আমি হবো গো একলা দিকভ্রষ্ট নাবিক,
তুমি নিয়ে এসো আরও আরও বিপর্যয়—
ভেঙে দাও মাস্তুল, জাহাজ হারাক দিক!

তবু ভালোবাসা হয়ে আসো যদি কোনো দিন,
তোমার চোখের ভিতর অজস্র জোনাকির দেশে
সেদিন হারিয়ে যাবো আমি— শব্দহীন— ক্লান্তিহীন
হবে গো আমার হৃদয়— তোমাকে ভালোবেসে।


২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।